ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে তিনি এই বার্তা দেন। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান দুর্ঘটনার সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনায় আমরা শোকাহত। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, সোমবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার পর দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।










