ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের পরিচয়, গোপনীয়তা এবং মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (২২ জুলাই) সংস্থাটি এক বিবৃতিতে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি এই অনুরোধ জানায়।
বিবৃতিতে ইউনিসেফ জানায়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিশুর প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছে। জাতি শোক পালন করছে, আমরাও জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে এই শোক দিবসে একাত্মতা প্রকাশ করছি।”
সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে একযোগে কাজ করছে ইউনিসেফ। এর অংশ হিসেবে প্রশিক্ষিত সমাজকর্মীরা মাঠে কাজ করছেন, যাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের পাশে থেকে মানসিক সহায়তা প্রদান করা যায়।
বিশেষভাবে ইউনিসেফ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানায়, “বেঁচে যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ না করে, তাদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে সংবাদ প্রচার করুন। যেন তাদের মানসিক অবস্থার ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল আচরণ বজায় থাকে।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










