Home বাংলাদেশ তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

92
0

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা পৌঁছান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সফরের প্রথম দিন ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া—এসব খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

রবিবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন শেরিং টোবগে।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ আরও কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিন দিনের সফর শেষে আগামী সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here