Home জীবনযাপন Entertainment অনলাইন শাড়ি নিয়ে বিতর্ক: তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা

অনলাইন শাড়ি নিয়ে বিতর্ক: তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা

304
0

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে অনলাইন ফ্যাশন পেজ ‘এ্যাপোনিয়া’-এর সঙ্গে বিতর্ক চরমে পৌঁছেছে। সম্প্রতি ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি প্রমোশন করার কথা বলে মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির এক নারী উদ্যোক্তা।

তানজিন তিশা পরে নিজের ফেসবুক পেজে দাবি করেন, সংশ্লিষ্ট উদ্যোক্তা শাড়িটি তাকে উপহার হিসেবে দিয়েছেন। তবে এই দাবিকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে ‘এ্যাপোনিয়া’-এর পক্ষে এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকারের মাধ্যমে এক লাখ টাকা ক্ষতিপূরণ এবং ক্ষমা প্রার্থনার দাবিতে তিশার নামে আইনি নোটিশ পাঠান।

নোটিশটি ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে সাড়া দেওয়ার নির্দেশ থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে তিশা কোনো মন্তব্য করেননি।

এরপর, বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর: সি. আর ৯৬২/২০২৫

মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, “তানজিন তিশার মতো একজন সেলিব্রিটির কাছ থেকে এমন প্রতারণা অত্যন্ত দুঃখজনক। তিনি চাইলে সমাধানের পথে আসতে পারতেন। কিন্তু বরং ফেসবুকে একটি ভেরিফায়েড স্ট্যাটাসের মাধ্যমে মানহানিকর বক্তব্য দিয়ে আমার মক্কেলকে সামাজিকভাবে হেয় করেছেন। একজন উদ্যোক্তাকে যেখানে পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল, সেখানে উনি প্রতারণা করেছেন। এজন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here