Home বিশ্ব জাতিসংঘের তালিকায় ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর

জাতিসংঘের তালিকায় ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর

100
0

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। জাতিসংঘের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ঢাকায় বর্তমানে বসবাস করছে প্রায় ৩৬ দশমিক ৬ মিলিয়ন মানুষ—অর্থাৎ ৩ কোটি ৬৬ লাখ।

এর আগে ২০০০ সালে প্রকাশিত প্রতিবেদনে ঢাকার অবস্থান ছিল নয় নম্বরে। মাত্র ২৫ বছরে শহরটির জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় ঢাকার জনবহুলতা নিয়ে জাতিসংঘ বিশেষ সতর্কতা জানিয়েছে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলতি প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই ঢাকা হতে পারে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শিরোনামের এই প্রতিবেদনটি প্রকাশিত হয় ১৮ নভেম্বর।

নতুন তালিকায় সবার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটিতে বর্তমানে বসবাস করছে ৪১ দশমিক ৯ মিলিয়ন মানুষ—অর্থাৎ ৪ কোটি ১৯ লাখ। টোকিওকে পেছনে ফেলে জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

তালিকার তৃতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও, যেখানে বর্তমানে বাস করেন ৩৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ—৩ কোটি ৩৪ লাখ। তবে জাকার্তা ও ঢাকার তুলনায় টোকিওর জনসংখ্যা বৃদ্ধির হার গত ২৫ বছরে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়ে গেছে।

জাতিসংঘ জানায়, বিশ্বজুড়ে ‘মেগাসিটি’র সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে পৃথিবীতে রয়েছে ৩৩টি মেগাসিটি, যা ১৯৭৫ সালের তুলনায় চারগুণ বেশি। এই ৩৩টির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ৯টিই এশিয়ায় অবস্থিত।

এশিয়ার অন্যান্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে:

  • নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ),
  • সাংহাই (২ কোটি ৯৬ লাখ),
  • গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ),
  • ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ),
  • কলকাতা (২ কোটি ২৫ লাখ),
  • সিউল (২ কোটি ২৫ লাখ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here