Home বিশ্ব ম্যানিলায় বিলিয়ন ডলারের দুর্নীতির প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

ম্যানিলায় বিলিয়ন ডলারের দুর্নীতির প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

109
0

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ রবিবার (৩০ নভেম্বর) হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একটি বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা দাবি করেছে। ইতোমধ্যে প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য এবং নির্মাণ কোম্পানির মালিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ খবর জানিয়েছে এএফপি।

দেশটির ১১ কোটি ৬০ লাখ মানুষের দ্বীপভিত্তিক রাষ্ট্রে আলোচিত এই ‘ভূতুড়ে বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্প’ ঘিরে ক্ষোভ ক্রমেই বাড়ছে, বিশেষত সাম্প্রতিক টাইফুন ও বন্যায় বড় বড় শহর প্লাবিত হওয়ার পর।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুলাইয়ে তার জাতীয় ভাষণে এই বিষয়টি তুলে ধরেন। ক্রমবর্ধমান এই কেলেঙ্কারিতে এখন এমন তথ্য সামনে আসছে, যেখানে এক কংগ্রেস সদস্য তার আত্মীয়, বন্ধু এমনকি শত্রুদেরও সংশ্লিষ্ট করেছেন।

বিক্ষোভকারীরা ১৯৮৬ সালের গণআন্দোলনের স্মৃতি বহনকারী ম্যানিলার এডসা সড়কে মিছিল করে স্লোগান তোলে: “তাদের এখনই কারাগারে পাঠাও!”

প্রেসিডেন্ট ভবনের নিকটে লুনেটা পার্কে বিক্ষোভকারীরা কুমিরের আদলে তৈরি প্ল্যাকার্ড হাতে নিয়ে দুর্নীতিবিরোধী দাবি জানান এবং পদ্ধতিগত দুর্নীতির অবসান চান।

২০ বছর বয়সী ড্র্যাগ পারফর্মার জেসি ওয়ানালুভমি জে, পারফরম্যান্স শুরুর আগে এএফপিকে বলেন, “এই দুর্নীতির কারণেই মানুষের মৃত্যু হচ্ছে।”

কয়েকদিন আগেই দেশটির জনপূর্ত ও মহাসড়ক বিভাগের আটজন কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে। সরকার বলেছে, “আরও বড় দুর্নীতিবাজদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।”

তবে ফিলিপাইনের জাতীয় গির্জা পরিষদের মেরভিন টোকুয়েরো এএফপিকে জানান, তিনি এখনও সন্তুষ্ট নন। ৫৪ বছর বয়সী টোকুয়েরো বলেন, “উচ্চপদস্থ কর্তাদের সম্মতি ছাড়া এ ধরনের দুর্নীতি সম্ভব নয়।” তিনি আরও বলেন, “তাদেরও অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”

৬৮ বছর বয়সী আজোন তোবিয়ানো তার নাতনির সঙ্গে বিক্ষোভে যোগ দেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের আহ্বান দেখে তিনি পার্কে এসেছেন।

তোবিয়ানোর আশা, “ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। প্রেসিডেন্ট যেন আত্মীয় হোক কিংবা কোনও সিনেটর—দোষীদের জেলে পাঠাতে অঙ্গীকার করেন।”

ফিলিপাইনে সরকারি তহবিলের অপব্যবহারের ইতিহাস দীর্ঘদিনের। দেশটিতে উচ্চপদস্থ রাজনীতিকরা দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হলেও সাধারণত কঠিন সাজা এড়াতে সক্ষম হন।

আজকের সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ দুর্নীতিবিরোধী সমাবেশে পুলিশ ও মুখোশধারী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়, যার জেরে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here