বায়ুর মানের অবনতি হওয়ায় আজ রাজধানী ঢাকার পরিবেশ ‘বিপজ্জনক’ মাত্রায় পৌঁছেছে। বিশ্বের ১২৭টি দেশের প্রধান দূষিত শহরের তালিকায় ঢাকা আজ প্রথম স্থানে উঠে এসেছে। একই সময়ে ভারতের রাজধানী দিল্লির বায়ুর মানও ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর দাঁড়িয়েছে ৩০৪-এ, যা ‘বিপজ্জনক’ দূষণমাত্রাকে নির্দেশ করে। সাধারণত একিউআই ৩০০ ছাড়ালে সেটিকে ‘হ্যাজার্ডাস’ বা চরম বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়।
দূষণের তালিকায় দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের স্কোর ২৮৫। তৃতীয় স্থানে থাকা ভারতের আরেক শহর কলকাতার স্কোর ২৩৬।
চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৭, আর পঞ্চম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের স্কোর ১৮৭।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমে এবং বাতাসে আর্দ্রতা বাড়ার ফলে দূষিত কণাগুলো নিচের স্তরে আটকে যায়, এতে ঢাকার বায়ুদূষণ সাধারণ সময়ের তুলনায় আরও বেড়ে যায়। বায়ুদূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠী—যেমন শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সবাইকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একিউআই অনুযায়ী, স্কোর ৫০–১০০ হলে বায়ুমান ‘মাঝারি’ ধরা হয়। ১০১–১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০১-এর বেশি স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










