তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত খোঁজ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর হাসপাতালে যান।
হাসপাতালে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার তাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা প্রায় আধঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং এ সময়ে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
খালেদা জিয়ার স্বাস্থ্য–সংশ্লিষ্ট বিষয়ে তার চিকিৎসকরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় তার চিকিৎসা চলছে।
এ সময় সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।










