Home বাংলাদেশ সোমবার সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে, চিকিৎসার সব খরচ বহন করবে সরকার

সোমবার সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে, চিকিৎসার সব খরচ বহন করবে সরকার

65
0

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হবে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।

গত দুই দিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার একাধিক হাসপাতালে ওসমান হাদির চিকিৎসার জন্য যোগাযোগ করেছে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের মতামতের ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে অপরিবর্তিত রয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদির চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

চিকিৎসার সমস্ত খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করবে সরকার। ওসমান হাদির চিকিৎসা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here