প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ভবিষ্যতে আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট নেতা বাংলাদেশে জন্ম নেবে না। তিনি আরও বলেন, এ গণভোট বাংলাদেশের আগামী ৫০ বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। গণভোট সম্পর্কে সচেতনতা গড়তে আয়োজিত এই কর্মশালায় ইমামদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান আলী রীয়াজ।
কর্মশালার প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় বসার পর অনেকেই বিভিন্ন কৌশলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেন। গত ৫৪ বছরের ইতিহাসে এমনটাই দেখা গেছে। তবে, গণভোটের মাধ্যমে এই চক্র ভাঙা সম্ভব। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিস্তৃত নেটওয়ার্ককে শক্তিশালী করা গেলে জাতির সার্বিক কল্যাণ সম্ভব। এ লক্ষ্যে ফাউন্ডেশনকে অধিদপ্তরে উন্নীত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।
সারাদেশ থেকে চার শতাধিক আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন।










