বাংলাদেশে সফর করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য।
রোববার (১৫ জুন) তারা ঢাকায় পৌঁছান, এবং চার দিনের সফরে গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ যুক্ত হন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি) দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গুমের ঘটনা তদন্তের জন্য সফরের অনুরোধ জানিয়ে আসছিল। ২০১৩ সালের ১২ মার্চ প্রথম চিঠি পাঠানো হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর একাধিকবার অনুরোধ করলেও সফরের অনুমতি দেওয়া হয়নি। ২০২০ সালের ২৪ এপ্রিল শেষবারের মতো সফরের অনুমতি চাওয়া হয়েছিল, তবে তখনো তা মঞ্জুর করা হয়নি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানানো হয় এবং সাড়া মেলে। এর পরই প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। ১৮ জুন প্রতিনিধিদল ঢাকায় সফর শেষ করবে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদস্যরা সফরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে বৈঠক করবেন।










