২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার, নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি গর্বের বিষয়। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা এবং অদম্য চেতনার এক উজ্জ্বল উদাহরণ।
তিনি আরও বলেন, আশা প্রকাশ করছি যে, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের নারী ফুটবল দল শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায়, যেখানে দু’টি গোলই করেন ঋতুপর্ণা। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে পরাজিত করে টাইগ্রেসরা। তাই, দুই ম্যাচে দুই জয় এবং পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।










