Home বাংলাদেশ National মাত্র ৩৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া টাকা উদ্ধারসহ অভিযুক্ত চোরকে আটক করেছে...

মাত্র ৩৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া টাকা উদ্ধারসহ অভিযুক্ত চোরকে আটক করেছে তানোর থানা পুলিশ।

335
0

রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইদুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই ওসি আফজাল হোসেনের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি আফজাল হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর টাকা উদ্ধার করা। পুলিশের প্রযুক্তিগত দক্ষতা, গোয়েন্দা তথ্য এবং সক্রিয় চেষ্টায় তা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না। তানোর থানা সর্বদা জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।”

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, তিনি আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ২২, তারিখ: ২৯/০৭/২০২৫)।

উল্লেখ্য, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে জমি বিক্রির জন্য এক বৃদ্ধা মহিলা ১১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সেখানে সুযোগ বুঝে তার ব্যাগ থেকে পুরো টাকা চুরি হয়ে যায়। পরবর্তীতে তিনি তানোর থানায় লিখিত অভিযোগ করলে, তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন ওসি আফজাল হোসেন।

স্থানীয়দের মতে, এত অল্প সময়ে চুরির রহস্য উদঘাটন এবং টাকা উদ্ধার একটি দৃষ্টান্ত। তারা বলেন, “ওসি সাহেবের দক্ষ নেতৃত্ব ও দ্রুত পদক্ষেপই এই সফলতার মূল কারণ।” এই ঘটনায় তানোর থানার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here