Home বাংলাদেশ রাস্তা থাকলেও ড্রেন নেই, বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবার

রাস্তা থাকলেও ড্রেন নেই, বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবার

172
0

নেত্রকোনা পৌরসভার পশ্চিম নাগড়া সওদাগর পাড়ায় টানা দুই দিনের বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার। সম্প্রতি নির্মিত রাস্তাগুলো আগের চেয়ে অনেক বেশি উঁচু হওয়ায় আশপাশের ঘরবাড়িতে সহজেই পানি ঢুকে পড়ছে, কারণ সেখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, উন্নয়নের নামে শুধু রাস্তা উঁচু করা হয়েছে, কিন্তু পানি বের হওয়ার পথ রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি ঘরে ঢুকে জমে থেকে ঘরের ভেতর হাঁটা-চলা পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে।

বাসিন্দা ফারুক মিয়া বলেন, “ঘরের ভেতরে হাঁটুপানি। রান্না তো দূরে থাক, ঘরেই দাঁড়িয়ে থাকা দায়।”
আরেক বাসিন্দা মুক্তা আক্তার বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এমন হয়। ড্রেন না থাকায় বাচ্চাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না।”

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প নেওয়ার সময় প্রকৌশলীরা এলাকাভিত্তিক ভৌগোলিক বাস্তবতা বা পানি নিষ্কাশনের বিষয় বিবেচনায় নেন না। শুধু রাস্তা তৈরি করেই যেন দায়িত্ব শেষ। কিন্তু এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং ভোটার সংখ্যায় গুরুত্বপূর্ণ হলেও উন্নয়ন কার্যক্রমে বারবার উপেক্ষিত। বর্ষা এলেই জলাবদ্ধতা ও কাদাপানির দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে।

ভুক্তভোগী পরিবারগুলো ড্রেন নির্মাণ এবং টেকসই সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেন, “ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন, কিন্তু বৃষ্টি হলে সেই প্রতিশ্রুতি ডুবে যায় পানির সঙ্গে।”

তাদের আহ্বান, উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আগে যেন এলাকার বাস্তবতা, জনসংখ্যার ঘনত্ব এবং প্রাকৃতিক পরিবেশ মূল্যায়ন করে সঠিক পরিকল্পনায় কাজ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here