Home বাংলাদেশ National অন্তর্বর্তী সরকার নুরুল হকের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

অন্তর্বর্তী সরকার নুরুল হকের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

210
0

নুরুল হকের ওপর হামলার নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার বিকেলে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাইয়ের গণ-আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার রাজনীতিক নুরুল হকের ওপর সংঘটিত নির্মম হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা কেবল একজন রাজনীতিকের ওপর নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের মূল চেতনার ওপরও আঘাত। এই ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে, এবং তদন্তে জড়িত যে–কোনো ব্যক্তি, তার পদ বা প্রভাব নির্বিশেষে, জবাবদিহির আওতায় আনা হবে। স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।

নুরুল হক ও তাঁর দলের আহত সদস্যদের চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা হবে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে শেখ হাসিনার স্বৈরাচারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। জুলাইয়ের অভ্যুত্থানের সময় তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছিল। তাঁর সংগ্রাম আজ একটি স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক।

অন্তর্বর্তী সরকার সব গণতান্ত্রিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে এবং ঘোষণা করেছে যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেওয়া হবে না।

ঘটনার পটভূমি:

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী নুরুল হকসহ কয়েকজনকে লাঠিপেটা করে।

গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরা প্রথমে হামলা চালায়। অপরদিকে, জাপার পক্ষ থেকে বলা হয়, তাদের ওপর হামলা চালায় গণ অধিকার পরিষদের মিছিল। এ ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর চড়াও হয় বলে দাবি করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি জানান, শতাধিক নেতাকর্মী আহত হন এবং নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নুরুল হক গুরুতর আহত।

আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল এবং ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here