Home বাংলাদেশ আরাকান আর্মির কবল থেকে বেঁচে ফিরলেন ৫৫ বাংলাদেশি

আরাকান আর্মির কবল থেকে বেঁচে ফিরলেন ৫৫ বাংলাদেশি

214
0

কক্সবাজারের টেকনাফ সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে জেলেদের জাল আর বোটগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এসব তথ্য স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা আমাদের হেফাজতে রয়েছে। বিভিন্ন সময়ে মাছ শিকারে গেলে তারা আরাকান আর্মিদের হাতে আটক হন। এরপর থেকে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আজ বুধবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মাছ শিকারের সময় আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। এর মধ্য আমারও ছয় মাঝিমাল্লা রয়েছে। তবে আমার বোট আর জাল ফেরত দেয়নি। সব মিলিয়ে ১৫ লাখ টাকার সম্পদ ফেরত দেয়নি আরাকান আর্মি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক আরও ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। বিজিবির মাধ্যমে আমরা চেষ্টা করব কীভাবে জাল আর বোট ফেরত আনা যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here