যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত পঞ্চম দফার পরমাণু আলোচনা শুক্রবার রোমে অনুষ্ঠিত হয়েছে, ওমানের মধ্যস্থতায়। যদিও উভয়পক্ষ আলোচনাকে ‘গঠনমূলক’ বলেছে, বাস্তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি জটিল ইস্যু আলোচনা বারবার অচলাবস্থায় নিয়ে যাচ্ছে।
এক নজরে আলোচনা থেমে যাওয়ার ৫টি প্রধান কারণ:
১. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। যুক্তরাষ্ট্র এক শতাংশ সমৃদ্ধকরণও মানতে নারাজ, অপরদিকে ইরান বলছে, এটি তাদের সার্বভৌম অধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, “শূন্য সমৃদ্ধকরণ মানেই চুক্তি অসম্ভব।”
২. আলোচনার পরিধি নিয়ে দ্বন্দ্ব
ইরান চায় কেবল পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞার ইস্যু আলোচনায় থাকুক। কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের কার্যক্রমও আলোচনার অন্তর্ভুক্ত হোক, যা ইরানের কাছে অগ্রহণযোগ্য।
৩. নিষেধাজ্ঞা আরোপ
আলোচনার ঠিক আগেই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলছে, এটি তাদের সদিচ্ছার ওপর আঘাত এবং আলোচনার পরিবেশ নষ্ট করছে।
৪. সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি
ট্রাম্প সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। জবাবে ইরান সতর্ক করেছে, যেকোনো হামলা হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
৫. তৃতীয় পক্ষের প্রভাব
ইসরাইল ও সৌদি আরবের চাপও আলোচনার গতিপথকে ব্যাহত করছে। ইরান সন্দেহ করছে, যুক্তরাষ্ট্র ইসরাইলের চাপে পড়ে আলোচনার পরিধি বাড়াতে চাইছে।
পরিস্থিতি এখনো অচলাবস্থায় থাকলেও উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কূটনৈতিক মহলে তাই এখনো কিছুটা আশার জায়গা রয়ে গেছে।










