Home বিশ্ব ইসরায়েলের হামলা চলাকালীন ইরান আলোচনা করতে রাজি নয়

ইসরায়েলের হামলা চলাকালীন ইরান আলোচনা করতে রাজি নয়

223
0

ইরান কাতার ও ওমানকে জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না।

রোববার (১৫ জুন) রয়টার্সকে এ তথ্য দিয়েছেন আলোচনার সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, ইরান কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ইসরায়েলের আগাম হামলার যথাযথ জবাব না দেওয়া পর্যন্ত তারা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবে না।

এদিকে, সংঘাত তৃতীয় দিনে পৌঁছেছে। রোববার ইসরায়েলি বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হওয়ার দাবি করেছে তেল আবিব।

শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায়, ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এই সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আলোচনা ও বৈঠক চলছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখন কোনো শান্তি আলোচনার সময় নয়, বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করার সময়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানে চালানো পাল্টা হামলায় অন্তত ১০ জন ইসরায়েলি নিহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here