Home BD Election 2026 “এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার”

“এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার”

94
0

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তাঁর পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তাসনিম বলেন, “পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন।” তবে তিনি আরও বলেন, “এমন কোনো নিয়ম নেই যে, পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে।”

তাসনিম জারা অভিযোগ করেন, তাঁর এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম’ দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢুকলে ব্যবহার করতে পারবে না।”

এ সময়, ভোট সুষ্ঠু হওয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে ভোট হচ্ছে, তা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে সম্ভব?” তিনি আরও বলেন, “নিয়ম জানতে চাচ্ছি, তবুও সঠিক উত্তর দেওয়া হচ্ছে না।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে, স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে। একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here