ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এই দিনে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
মাত্র ৩২ বছর বয়সী ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় একজন সাহসী নেতা হিসেবে পরিচিত হন। তিনি ইনকিলাব মঞ্চ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিজয়নগর কেন্দ্রিক ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে ওসমান হাদিকে আহত করে, যখন তিনি একটি রিকশায় করে চলছিলেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।










