বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের উদ্যোগে আনা এই এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। এরপর শনিবার রাতেই বা রোববার ভোরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে রওনা হতে পারে বিমানটি।
ঢাকাস্থ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গণমাধ্যমকে জানান, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে।
সূত্রের তথ্য অনুযায়ী, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশে উড়াল দেবে। শনিবার রাতেই এ যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, কাতার রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতারের আমির তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, যা শনিবার বিকেল ৫টায় ঢাকায় নামবে। এখন যে অ্যাম্বুলেন্সটি আসছে, সেটিও কাতারের হলেও এটি জার্মান নির্মিত। তিনি স্পষ্ট করেন, কাতার জার্মানি থেকে বাংলাদেশে কোনো আলাদা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না।
খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার রাতেই নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়নি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না; তবে সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে তিনি ৭ তারিখ (রোববার) লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি রাখা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।










