গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে খুলনার “শেখ বাড়ি” হিসেবে পরিচিত শেখ হাসিনার স্বজনদের বাড়িটি গুড়িয়ে দিয়েছে ছাত্রজনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করে ছাত্রজনতা। এ সময় বাড়টি ভাঙতে বুলডোজার (এক্সকাভেটর) ব্যবহার করতেও দেখা গেছে।
এর আগে ছাত্র সমাজের উদ্দেশে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য “বুলডোজার মিছিলের” ডাক দেয় তারা।
রাত সাড়ে দশটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটিতে ভাঙচুর চলছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগষ্টই খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভে দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় বাড়িটিতে।
এদিকে ৫ ফেব্রুয়ারি বিকেল থেকেই খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক থেকে শেখ বাড়ি ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেন।
উল্লেখ্য, লাল প্রাচীরঘেরা মহানগরীর শেরেবাংলা রোডের দোতলা এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে “শেখ বাড়ি” নামেই চেনেন। শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। ৪ আগষ্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়ি থেকে খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করা হতো বলে অভিযোগ রয়েছে।










