Home বাংলাদেশ Weather বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা—সতর্ক সংকেত জারি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা—সতর্ক সংকেত জারি

156
0

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন একটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here