অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সিডনির বন্ডাই বিচে হানুক্কা উৎসবে গুলিবর্ষণের ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার সন্ধ্যায় এই হামলায় ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বন্দুকধারীও রয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন। খবর দিয়েছে আল জাজিরা এবং রয়টার্স।
ঘটনাটি ঘটে হানুক্কার প্রথম দিনে, যখন বন্ডাই বিচের কাছে একটি পার্কে উৎসবে অংশ নিতে বহু মানুষ জড়ো হন। সেই সময় দুই হামলাকারী আচমকা গুলি চালাতে শুরু করে।
প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “এই হামলা ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত একটি ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড।” তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া কখনোই বিভাজন, সহিংসতা কিংবা ঘৃণার কাছে নতিস্বীকার করবে না।”
আলবানিজ জানান, তাঁর সরকার ঘৃণার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং এমন হামলার মাধ্যমে বিভেদ নয়, বরং জাতিগত ঐক্য আরও সুদৃঢ় হবে। তিনি জোর দিয়ে বলেন, “অস্ট্রেলীয়রা সবসময় ইহুদি সম্প্রদায়ের পাশে থাকবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “মানুষ হিসেবে আপনি কে এবং আপনি কী বিশ্বাস করেন, সে বিষয়ে গর্ব করার অধিকার সকলেরই রয়েছে। এটাই অস্ট্রেলিয়ার মূল্যবোধ।”
এদিকে, বিবিসি জানিয়েছে, হানুক্কা ইহুদি ধর্মাবলম্বীদের কাছে ‘আলোর উৎসব’ নামে পরিচিত। এই উৎসব ২ হাজার বছর আগে গ্রিক শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করে ধর্মীয় স্বাধীনতা অর্জনের স্মৃতিচিহ্ন হিসেবে পালন করা হয়।
আলবানিজ তাঁর বক্তব্যের শেষাংশে বলেন, “এই দুঃসময়ে ইহুদি সম্প্রদায় যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।”










