Home এশিয়া পেসিফিক মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী আলবানিজ

মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী আলবানিজ

186
0

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান সংঘর্ষের মধ্যে অস্ট্রেলিয়া কোনও সামরিক ভূমিকা নেবে না, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, পাশাপাশি অন্তত দুটি ইরানি তেল স্থাপনায় আগুন লেগেছে।

এই পরিস্থিতিতে, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। তবে, কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগদানের পথে সিয়াটলে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া এই সামরিক সংঘাতে কোনও ভূমিকা পালন করবে না।

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে এখনও কোনও অনুরোধ আসেনি।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “আমি মনে করি না যে অস্ট্রেলিয়াকে কোনও সামরিক ভূমিকা পালনের অনুরোধ জানানো হবে। তবে আমরা অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের দায়িত্ব পালন করে যাব।”

এছাড়া, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটির স্থানীয় নাগরিকদের সহায়তা প্রদান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here