অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হানুক্কাহ উৎসব চলাকালে ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলার এক হামলাকারী ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারতের পুলিশ। ওই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৬ জন।
ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী সাজিদ আকরাম (৫০) ভারতের হায়দরাবাদ থেকে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান কাজের খোঁজে। সাজিদ এবং তাঁর ছেলে নাভিদ আকরাম (২৪) মিলে এই হামলা চালান। ঘটনার দিন পুলিশের গুলিতে সাজিদ নিহত হন, আর গুরুতর আহত অবস্থায় আটক হন নাভিদ।
ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশ জানিয়েছে, সাজিদের পরিবার তাঁর ‘উগ্রবাদী মনোভাব’ বা কট্টরপন্থী কার্যকলাপের বিষয়ে কিছু জানত না। ভারত থেকে তাঁর বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি, এবং ভারতের অভ্যন্তরীণ কোনো সংগঠন বা তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে তাঁর হামলার কোনো যোগসূত্রও নেই।
অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, সাজিদ সম্প্রতি ভারতীয় পাসপোর্ট, এবং তাঁর ছেলে অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইন সফর করেছিলেন। সেখানে তাঁদের কোনো প্রশিক্ষণ গ্রহণ, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বা হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না—তা এখন তদন্তাধীন।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলাকে ইহুদি-বিদ্বেষমূলক সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, “এই ঘৃণা কখনো অস্ট্রেলিয়াকে বিভক্ত করতে পারবে না।”
এই ঘটনাটি অস্ট্রেলিয়ায় গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। এতে শিশু ও বয়স্কসহ নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হানুক্কাহ উপলক্ষে বন্ডাই সৈকতে জমায়েত হওয়া মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।
সাজিদ আকরামের নাম প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ভুয়া তথ্য ও ছবি ছড়ানোয় সতর্কতা জারি করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দুক নিয়ন্ত্রণ আইন কড়াকড়ির ব্যাপারে অস্ট্রেলিয়ায় নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।










