ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বোনের বাসার সংলগ্ন এলাকা থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর আগারগাঁও এলাকার কর্নেল গলিতে অবস্থিত ফয়সলের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই বাসা ও পাশের ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে দুটি ভর্তি ম্যাগাজিন, ১১টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি পুরোনো বাটন ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকও জব্দ করা হয়।
সিসিটিভি বিশ্লেষণে আরও দেখা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে ফয়সল করিম ও তার সহযোগী আলমগীর একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। পরে বিকেল চারটার দিকে ফয়সল, আলমগীর এবং ফয়সলের মা ও ভাগিনা দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু সামগ্রী বের করেন। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি তখন ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।










