২০২৬ সালে বলিউডে আসছে একঝাঁক বড় বাজেটের ও প্রতীক্ষিত সিনেমা, যেগুলো ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বছরজুড়ে আলোচনায় থাকবে এমন সাতটি ছবি নিয়েই এই প্রতিবেদন।
১. রামায়ণ
নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় প্রকল্প। রাম চরিত্রে থাকছেন রণবীর কাপুর, রাবণ হচ্ছেন যশ এবং সীতা চরিত্রে সাই পল্লবী। প্রায় ৪ হাজার কোটি রুপির এই ছবি দুটি ভাগে মুক্তি পাবে, প্রথমটি ৬ নভেম্বর দীপাবলিতে।
২. ব্যাটল অব গালওয়ান
সালমান খান অভিনীত দেশপ্রেমভিত্তিক ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল। ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সংঘর্ষের পটভূমিতে নির্মিত ছবিটিতে তিনি কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করেছেন।
৩. কিং
শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথমবার একসঙ্গে অভিনীত ‘কিং’ নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুরসহ অনেকে।
৪. ধুরন্ধর ২
বক্স অফিসে সাফল্যের পর ফিরে আসছে রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এর সিকুয়েল। এবারও আন্তর্জাতিক রাজনীতি ও অপরাধজগত ঘিরেই গল্প এগোবে। ঈদ উপলক্ষে ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।
৫. বর্ডার ২
১৯৯৭ সালের হিট ছবি ‘বর্ডার’-এর সিকুয়েল ‘বর্ডার ২’ মুক্তি পাচ্ছে ২৩ জানুয়ারি। ভারত-পাকিস্তান যুদ্ধভিত্তিক এই সিনেমায় থাকছেন সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ।
৬. টক্সিক
‘কেজিএফ’ তারকা যশ ফিরছেন ‘টক্সিক’ সিনেমায় এক ভিন্নরূপে। সমাজের অন্ধকার, অপরাধ আর অ্যাকশনঘন গল্প নিয়ে তৈরি ছবিটি ১৯ মার্চ মুক্তি পাচ্ছে। যশের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।
৭. জন নায়াগান
থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ ঘিরে রয়েছে আবেগময় আগ্রহ। একজন সাধারণ মানুষের রাজনীতিতে উঠে আসার গল্পে নির্মিত ছবিটি মুক্তি পাবে ৯ জানুয়ারি। এরপর রাজনীতিতে যোগ দেবেন বিজয়—এমনটিই গুঞ্জন।
এছাড়া আসছে প্রভাসের ‘দ্য রাজাসাব’, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’, আলিয়া ভাটের ‘আলফা’ ও রানী মুখার্জির ‘মর্দানি ৩’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা। সমালোচকদের মতে, ২০২৬ হতে পারে বলিউডের জন্য ইতিহাস গড়ার বছর।










