Home খেলা ক্লাব বিশ্বকাপকে ‘অপ্রয়োজনীয়’ মনে করেন লা লিগা সভাপতি

ক্লাব বিশ্বকাপকে ‘অপ্রয়োজনীয়’ মনে করেন লা লিগা সভাপতি

193
0

নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপকে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় মনে করছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, ফুটবল ক্যালেন্ডারে এই টুর্নামেন্টের কোনো জায়গা নেই।

তিনি মনে করেন, ক্লাব বিশ্বকাপ সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। মাদ্রিদে এক অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করে তেবাস বলেন, “আমার লক্ষ্য হলো ক্লাব বিশ্বকাপকে বিদায় দেওয়া। এই টুর্নামেন্টের কোনো প্রয়োজন নেই। এই আয়োজন ঘরোয়া লিগগুলোকে, বিশেষ করে ইউরোপে, নেতিবাচকভাবে প্রভাবিত করে।”

৬২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবল কর্তা মনে করেন, ক্লাব বিশ্বকাপের পূর্বের সংক্ষিপ্ত সংস্করণই যথেষ্ট ছিল, যেখানে মাত্র এক সপ্তাহের জন্য আয়োজন হতো। তিনি বলেন, “আমাদের ঘরোয়া লিগের পরিবেশ বজায় রাখাটা জরুরি। তাই এই আয়োজন বাদ দেওয়া উচিত।”

তেবাস আগে থেকেই ক্লাব বিশ্বকাপের কড়া সমালোচক। গত সপ্তাহেও তিনি একে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছিলেন।

এবারই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্রে চলমান এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। তবে দর্শকদের কম আগ্রহের কারণে টুর্নামেন্টটি ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে।

আটলান্টার ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সোমবার চেলসি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচে মাত্র ২২ হাজার ১৩৭ জন দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চেলসির কোচ এন্টসো মারেস্কাও বলেন, ‘‘পরিবেশটা কিছুটা অস্বাভাবিক ছিল, কারণ স্টেডিয়াম পূর্ণ ছিল না।’’

তেবাসও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। চেলসির ২-০ ব্যবধানে জয়ের ম্যাচের ২৫ মিনিট দেখে তার কাছে মনে হয়েছে, এটি যেন প্রীতি ম্যাচের মতো, যেখানে তীব্রতা বা প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

এই আসরে স্পেন থেকে অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। তবে তেবাস চান, ভবিষ্যতে যেন এ ধরনের বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ আর না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here