Home খেলা ছক্কার বৃষ্টিতে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

ছক্কার বৃষ্টিতে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

151
0

প্রথম ১৫ বলে মাত্র ১১ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, কোনো বাউন্ডারিও মারতে পারেননি। কিন্তু এরপর থেকেই শুরু হয় তার দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব।

ম্যাক্সওয়েল ৪৯ বলে খেলেন ঝড়ো ১০৬ রানের ইনিংস, যেখানে ছিল ২টি চার ও ১৩টি ছক্কা। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে এই অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি, যা কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের জন্য সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো ও বিরাট কোহলির (৯ করে)।

টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়াশিংটনের ওপেনার মিচেল ওয়েন ১১ বলে ৩২ রানের দ্রুত ইনিংস খেললেও বাকিরা হতাশ করেন। মাত্র ৮ ওভারেই দলটি ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। ১৩ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৯৮ রানে। তখন ক্রিজে আসেন ম্যাক্সওয়েল, আর শুরু হয় তার শো।

তানভির স্যাঙ্ঘার এক ওভারে তিনটি ছক্কা মারেন তিনি। কর্নে ড্রাইকে দুটি, নারাইনের ওভারে আরও তিনটি ছক্কা হাঁকান। এরপর শ্যাডলি ফন স্কালভিক, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারদেরকেও একের পর এক ছক্কায় শাসন করেন।

৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং শেষ ওভারে আবার বড় ছক্কা মেরে ইনিংস শেষ করেন। ম্যাক্সওয়েলের সঙ্গে ৫২ বলে ১১৬ রানের জুটি গড়েন অবাস পিনার, যেখানে পিনারের অবদান মাত্র ১৪ রান। ওয়াশিংটন শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৮ রান তোলে, যার মধ্যে শেষ সাত ওভারেই আসে ১১০ রান।

জবাবে ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ব্যাটাররা একেবারেই ব্যর্থ হন। সুনিল নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ প্রথম তিন ব্যাটার হিসেবে কোনো রান না করেই আউট হন। টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবার এমন ঘটনা ঘটল। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয়ে ১১৩ রানের বড় ব্যবধানে হার মানে দলটি। ওয়াশিংটনের হয়ে মিচেল ওয়েন ও জ্যাক এডওয়ার্ডস নেন তিনটি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here