অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। বৃহস্পতিবার অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন তিনি। ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের মাইলফলক পার করে লায়নের বর্তমান সংগ্রহ এখন ৫৬৪ উইকেট। অজিদের মধ্যে তার উপরে আছেন কেবল প্রয়াত স্পিন জাদুকর শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।
রেকর্ডের এই মাহেন্দ্রক্ষণে এক মজার দৃশ্য দেখা যায় ধারাভাষ্য কক্ষে। লায়ন যখন ম্যাকগ্রার রেকর্ড ভাঙেন, তখন ধারাভাষ্য দিচ্ছিলেন স্বয়ং ম্যাকগ্রা। নিজের রেকর্ড হাতছাড়া হওয়ায় মজা করে একটি চেয়ার ছুড়ে মারার ভঙ্গি করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্ষণিক পরেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েন এই কিংবদন্তি পেসার।
এদিন ৫৬৩ উইকেট নিয়ে মাঠ ছাড়ার সময় লায়ন যখন দশম ওভারে বোলিং করতে আসেন, তখন ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৩৭। নিজের ওভারের তৃতীয় বলেই ওলি পোপকে (৩) জশ ইংলিসের তালুবন্দি করিয়ে ম্যাকগ্রাকে স্পর্শ করেন তিনি। ঠিক তিন বল পরেই বেন ডাকেটকে (২৯) বোল্ড করে ইতিহাস গড়েন লায়ন। মাত্র ১৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। এর আগে অধিনায়ক প্যাট কামিন্স সাজঘরে ফেরান জ্যাক ক্রলিকে (৯)।
এর আগে দিনের শুরুতে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া ৩৭১ রানে অলআউট হয়। মিচেল স্টার্ক ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেললেও জফরা আর্চার তাকে ও নাথান লায়নকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। আর্চার ২০.২ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন, যা টেস্ট ক্রিকেটে তার চতুর্থ ৫ উইকেট শিকার।
ইংল্যান্ডের হয়ে জো রুট ১১ এবং হ্যারি ব্রুক ৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতির আগে জো রুটের একটি ক্যাচের জোরালো আবেদন হলেও টিভি আম্পায়ার সেটি নাকচ করে দেন। অ্যাডেলেডের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে এখন লড়াই করছে দুদল। অ্যাশেজ পুনরুদ্ধারের আশা টিকিয়ে রাখতে হলে ইংল্যান্ডকে এই ম্যাচে বড় সংগ্রহের চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা। এখনো ২০১ রানে পিছিয়ে আছে তারা।










