Home বাংলাদেশ National নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গলের প্রার্থী ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গলের প্রার্থী ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা

34
0

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে তিনটি ‘মিথ্যা মামলা’ দেওয়া হয় এবং তাঁকে এলাকা থেকে দূরে থাকতে বাধ্য করা হয়। দলের পক্ষ থেকে লাঙ্গল প্রতীক বরাদ্দ পেলেও আইনি বাধ্যবাধকতার কারণে তিনি নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

জিয়াউল হক মৃধা বলেন, প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রচারণা শুরু হতেই তাঁকে এবং তাঁর নেতা–কর্মীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি, হয়রানি ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারছেন না। এই প্রতিকূল পরিস্থিতির কারণে দলের নেতা–কর্মীদের সাথে আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জিয়াউলের সরে দাঁড়ানো প্রসঙ্গে জাতীয় পার্টির সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী নেওয়াজ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তিনি নির্বাচন করছেন না। তিনি এলাকায় নেই এবং দলও কাউকে সমর্থন দেয়নি। যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে শুরুতে জিয়াউল হক মৃধা সহ ৯ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে দুজন স্বতন্ত্র। এর আগে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন। এখন এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এন তরুণের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here