ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নিজেদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যেই মোবাইল ফোন বহন করা নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ ভোটারদের জন্য এ নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রযোজ্য হলেও তিন ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোবাইল ব্যবহার করতে পারবেন—
- ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার,
- কেন্দ্রের পুলিশ ইনচার্জ,
- এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার/ভিডিপির দুই সদস্য।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার দেশের ৬৪ জেলার মোট ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রায় আড়াই লাখ ভোটকক্ষ রাখা হয়েছে।
৩০০ সংসদীয় আসনের মধ্যে শেরপুর–৩ আসনের প্রার্থী মৃত্যুর কারণে সেখানে ভোট অনুষ্ঠিত হবে না; ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।










