কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজের এলাকায় ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনি যাকে ইচ্ছা ভোট দিন, তবে ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে, এটি আমরা চাই না। আমরা আশা করি, আপনারা সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের কারণে কারো সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হোক, তা আমরা প্রত্যাশা করি না।”
তিনি আরও জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট, যা ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, “বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি কতটা পরিবর্তিত হয়, তা দেখা যাবে। তবে আশা করি উৎসাহ বজায় থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।”
এজেন্টদের কেন্দ্রে প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, “এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। যদি কোনো প্রক্রিয়াগত জটিলতার বিষয় আসে, আমরা তা জানাবো।”
সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো। ভোট ভয়ের বিষয় নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।”










