Home এশিয়া পেসিফিক পে-রোল ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি, ব্যবসায়ীদের সমর্থন পাচ্ছে লিবারেল-ন্যাশনাল জোট

পে-রোল ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি, ব্যবসায়ীদের সমর্থন পাচ্ছে লিবারেল-ন্যাশনাল জোট

37
0

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে (NSW) প্রস্তাবিত পে-রোল ট্যাক্স সংস্কার নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প সংগঠনের সমর্থন পাচ্ছে লিবারেল-ন্যাশনাল জোট। বিরোধীদলীয় নেতা কেলি স্লোয়ান (Kellie Sloane) সিডনির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের মধ্য দিয়ে এই নীতির পক্ষে সমর্থন জোরদার করার উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার সিডনির ব্রুকভেলের একটি স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান Edcon Steel পরিদর্শন করেন স্লোয়ান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিউ এডমন্ডস জানান, বর্তমান পে-রোল ট্যাক্সের কারণে নতুন কর্মী নিয়োগ বা পদত্যাগ করা কর্মীদের পরিবর্তে নতুন লোক নেওয়ার ক্ষেত্রে ব্যবসাগুলোকে বারবার চিন্তা করতে হচ্ছে।

লিবারেল-ন্যাশনাল জোটের প্রস্তাব অনুযায়ী, সরকারে এলে পে-রোল ট্যাক্স ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর মধ্যে করমুক্ত সীমা ১২ লাখ ডলার থেকে বাড়িয়ে ১৫ লাখ ডলার করা, ১ কোটি ডলারের কম অস্ট্রেলিয়ান পে-রোল থাকা প্রতিষ্ঠানের জন্য করহার ৫.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪.৭৫ শতাংশ নির্ধারণ এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করসীমা সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

দলটির দাবি, এসব পরিবর্তনের ফলে প্রায় ৪ হাজার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পে-রোল ট্যাক্সের আওতার বাইরে চলে যাবে এবং আরও প্রায় ২৫ হাজার প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্যের মধ্যে সর্বনিম্ন পে-রোল ট্যাক্স হারের সুবিধা পাবে। অনেক প্রতিষ্ঠানের বছরে সর্বোচ্চ ৭৫ হাজার ৮৫০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে বলেও তারা উল্লেখ করেছে।

এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে Business NSW, Pharmacy Guild, Housing Industry Association, Australian Industry Group এবং Motor Traders’ Association of Australia-সহ একাধিক শিল্প সংগঠন।

বিরোধীদলীয় নেতা কেলি স্লোয়ান বলেন, বর্তমানে রাজ্যে রেকর্ডসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসায়িক আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাঁর মতে, এমন সময়ে সরকারের উচিত ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে তাদের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।

এদিকে এনএসডব্লিউ ন্যাশনালসের নেতা ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী গুরমেশ সিং বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চল—সবখানেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সহায়তা করা প্রয়োজন, যাতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে ম্যানলি এলাকার সংসদ সদস্য জেমস গ্রিফিন বলেন, এই কর সংস্কার মূলত কর্মসংস্থান রক্ষা এবং স্থানীয় ব্যবসাগুলোকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁর মতে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করতে করের চাপ কমানো এখন সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here