Home বাংলাদেশ National দিল্লি থেকে দেশের বিভাজনের ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

দিল্লি থেকে দেশের বিভাজনের ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

153
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দিল্লি থেকে বাংলাদেশকে বিভাজনের ষড়যন্ত্র চলছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, বাংলাদেশের রাজনীতি স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে। দেশকে অতীতে বহুবার বিভক্ত করা হয়েছে এবং জাতীয় ঐক্য নষ্ট করে দুর্বল করার চেষ্টা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আবারো দিল্লি থেকে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির ছক কষা হচ্ছে। গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত করে আরেকটি ‘এক-এগারো’ ধরনের পটপরিবর্তনের ষড়যন্ত্র চলছে।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দেশপ্রেমিক ছাত্র-জনতা, বাংলাদেশপন্থী শক্তি ও ধর্মপ্রাণ জনগণকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরও প্রস্তুত থাকার কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “তাঁকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকেই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।”

তিনি আরও জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। তার আগে মৌলিক সংস্কারমূলক জুলাই সনদ রচিত হবে এবং জুলাই গণহত্যার বিচারের রূপরেখা প্রকাশ করতে হবে। একইসঙ্গে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here