প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন। এ উপলক্ষে যমুনায় তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিএনপির সঙ্গে বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৭টায় এবং জামায়াতের সঙ্গে রাত ৮টায় হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা বৈঠকে অংশ নেবেন কি না, তা পরে জানানো হবে।
জামায়াতের পক্ষ থেকে আগে থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানানো হয়েছিল। মৌখিকভাবে তাদের শনিবার রাতের বৈঠকের সময় জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ।
সূত্র জানায়, জামায়াত মনে করে ড. ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয় বরং তার নেতৃত্বেই নির্বাচন হওয়া উচিত। এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান।
আজকের বৈঠকে নির্বাচন, বিচার ব্যবস্থা, সংস্কার, এবং জুলাই গণআন্দোলনের পক্ষে থাকা দলগুলোর ঐক্য পুনরুদ্ধারের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।










