বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখার পর ক্লাবটির সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার এখন ২০৩১ সাল পর্যন্ত বার্সার জার্সিতেই খেলবেন।
মাত্র ১৫ বছর বয়সে ২০২৩ সালে বার্সার হয়ে অভিষেক ঘটে ইয়ামালের। হান্সি ফ্লিকের কোচিংয়ে পেছনের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি—৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। তার অসাধারণ পারফরম্যান্সে বার্সা জেতে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—এই তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা।
মঙ্গলবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো-এর উপস্থিতিতে চুক্তি নবায়নে স্বাক্ষর করেন ইয়ামাল। ক্লাব এক বিবৃতিতে জানায়, “ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়ন বার্সার ভবিষ্যৎ পরিকল্পনার দৃঢ়তা প্রমাণ করে। তার উত্থান বিশ্ব ফুটবলে এক ব্যতিক্রমী ঘটনা।”
কাতালোনিয়ার মাতারো শহরের এই ফুটবলার ইতোমধ্যেই বার্সা ইতিহাসে একাধিক রেকর্ড গড়েছেন। তিনি এখন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার। বার্সার হয়ে ১১৫ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।
ইয়ামাল স্পেন জাতীয় দলের হয়েও আলো ছড়াচ্ছেন। ইতোমধ্যে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০২৪ ইউরোতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ী স্পেন দলের সদস্য ছিলেন।
লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালকে নিয়ে অনেকেই তুলনা করছেন ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে।
উল্লেখ্য, সম্প্রতি বার্সা কোচ হান্সি ফ্লিক এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার সঙ্গেও চুক্তি নবায়ন করেছে কাতালান ক্লাবটি।










