Home খেলা বন্ধুত্ব থেকে উদ্যোক্তা—উরুগুয়েতে নতুন ক্লাব গড়লেন মেসি ও সুয়ারেজ

বন্ধুত্ব থেকে উদ্যোক্তা—উরুগুয়েতে নতুন ক্লাব গড়লেন মেসি ও সুয়ারেজ

170
0

বার্সেলোনায় একসময় মাঠ কাঁপানো সফল জুটি ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার সেই বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হচ্ছে মাঠের বাইরে—একটি নতুন ফুটবল ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে।

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ নিজ দেশে একটি পেশাদার ক্লাব গড়েছেন, যার নাম ‘এলএসএম’ (LSM)। ক্লাবটিতে তার ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসিও যুক্ত হচ্ছেন। এর আগের নাম ছিল দেপোর্তিভো এলএস, যা এখন নতুন পরিচয়ে মাঠে নামবে। ক্লাবটি প্রাথমিকভাবে উরুগুয়ের চতুর্থ স্তরের লিগ থেকে যাত্রা শুরু করবে।

এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, “দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের বহুদিনের স্বপ্ন, যার যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে। আজ এই ক্লাবের সদস্য সংখ্যা তিন হাজারের বেশি। আমার ইচ্ছা, উরুগুয়ের উঠতি ফুটবলারদের জন্য একটি আধুনিক ও কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা পেশাদার পর্যায়ে নিজেদের গড়ে তুলতে পারে।”

৩৮ বছর বয়সী সুয়ারেজ যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ২০২৩ সালে, তবে ক্লাব ফুটবলে এখনো খেলছেন—মেসির সঙ্গে ইন্টার মায়ামি ক্লাবে।

একই ভিডিওতে মেসি সুয়ারেজের পাশে বসে বলেন, “তুমি যখন বলেছিলে তোমার পাশে থাকতে, তখনই আমার কাছে সেটা সম্মানের মনে হয়েছিল। আমি গর্বিত যে এই যাত্রার অংশ হতে পারছি। আশা করি, আমরা একসঙ্গে অনেক দূর যেতে পারব।”

যদিও এখনও মেসির নির্দিষ্ট ভূমিকা ঘোষণা করা হয়নি, তবে উরুগুয়ের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তিনি ক্লাবের অংশীদার হিসেবেই যুক্ত হচ্ছেন। পাশাপাশি ক্রীড়া পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রেও মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো আরও জানাচ্ছে, ক্লাবটির প্রথম কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন আলভারো রেকোবা—উরুগুয়ের সাবেক জনপ্রিয় মিডফিল্ডার, যিনি একসময় ইন্টার মিলান ও জাতীয় দলে ছিলেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

সুয়ারেজ ইতোমধ্যে ২০১৮ সালেই সিউদাদ দে লা কোস্তায় ২০ একর জমিতে একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলেছেন। এতে রয়েছে সিনথেটিক টার্ফসহ ১৪০০ দর্শকের আসনবিশিষ্ট মাঠ, অনুশীলন সুবিধা, এবং অন্যান্য ক্রীড়াকাঠামো—যা এখন নতুন ক্লাব এলএসএম-এর জন্য ব্যবহৃত হবে।

ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাবের ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ৪০ হাজার, যা এই উদ্যোগ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহেরই ইঙ্গিত দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here