বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে ৪৮টি যুদ্ধবিমান সরবরাহ করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন বুধবার (১১ জুন)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৪৮টি ‘কান’ যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় রপ্তানি করবে। এটি হবে এই মডেলের বিমান রপ্তানির প্রথম চুক্তি, যদিও বিমানটি এখনও বিভিন্ন ধাপের পরীক্ষার মধ্যে রয়েছে।
এক্স-এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্কে তৈরি ৪৮টি ‘কান’ যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় পাঠানো হবে। তিনি আরও জানান, ইন্দোনেশিয়ার স্থানীয় উৎপাদন সক্ষমতার সঙ্গে এই প্রক্রিয়াকে সমন্বয় করা হবে।
চুক্তির আর্থিক দিক নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তুরস্কের দৈনিক ‘সাবাহ’ জানায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনী ‘ইন্দো ডিফেন্স ২০২৫’-এর সময় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এরদোয়ান বলেন, এই সমঝোতা তুরস্কের স্থানীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও অগ্রগতিকে তুলে ধরেছে। পাশাপাশি, তিনি চুক্তি বাস্তবায়নে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ভূমিকার প্রশংসা করেন।
‘কান’ হলো তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা ২০২৪ সালে প্রথম সফলভাবে আকাশে ওড়ে। প্রথম ইউনিট ২০২৮ সালে ইন্দোনেশিয়ায় সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তি তুরস্ক ও ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় উদাহরণ। এর আগে, দুই দেশ ইন্দোনেশিয়ায় একটি বেকার ড্রোন কারখানায় যৌথ বিনিয়োগে সম্মত হয়।
তুরস্কের প্রতিরক্ষা খাতে পাকিস্তান ও আজারবাইজানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং তারাও ‘কান’ যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে।










