ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সম্ভাব্য রুট হিসেবে পাকিস্তান ও তুরস্কের পথ বিবেচনা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, তেহরান থেকে প্রথমে স্থলপথে ইরান-পাকিস্তান সীমান্তে নিয়ে যাওয়া হতে পারে বাংলাদেশিদের। পরে সেখান থেকে আকাশপথে দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
একইসঙ্গে আরেকটি বিকল্প পথ হিসেবে তুরস্ক হয়ে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে। এ লক্ষ্যে তুরস্ক ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন ৪০০ জন এবং সরকারিভাবে নিবন্ধিত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। এদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থীও আছেন। ইতোমধ্যে ১০০ জন বাংলাদেশি তেহরানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রথম ধাপে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পরে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
তেহরানে বাংলাদেশি নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন। ইতোমধ্যে রাষ্ট্রদূতের বাসভবন সরিয়ে নেওয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। প্রতিদিনই ইসরায়েলি হামলায় ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। পাল্টা হামলায় ইরানও ইসরায়েলে হামলা চালাচ্ছে, যাতে হতাহতের ঘটনা ঘটছে।










