Home এশিয়া পেসিফিক টাফে সম্পদ কমছে, ব্যাখ্যা চাইল বিরোধী দল

টাফে সম্পদ কমছে, ব্যাখ্যা চাইল বিরোধী দল

26
0

সিডনি: নিউ সাউথ ওয়েলস সরকারের টাফে (TAFE NSW) সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দল দাবি করেছে, বাজেট নথিতে টাফের সম্পদের মূল্য কমে যাওয়ার পাশাপাশি সাবেক টাফে ক্যাম্পাস বিক্রির উদ্যোগ সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিরোধীদলের স্কিলস, টাফে ও তৃতীয় পর্যায়ের শিক্ষা বিষয়ক মুখপাত্র জাস্টিন ক্ল্যান্সি বলেন, কোগারাহ এলাকার ১৬–২০ হগবেন স্ট্রিটে অবস্থিত সাবেক স্ট জর্জ টাফে ক্যাম্পাস বিক্রির জন্য বাজারে তোলার সিদ্ধান্ত সরকারের দীর্ঘমেয়াদি টাফে নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

তার মতে, যখন নিউ সাউথ ওয়েলসে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে, তখন সরকারের উচিত টাফে ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরা, সম্পত্তি বিক্রির মাধ্যমে অনিশ্চয়তা তৈরি করা নয়।

ক্ল্যান্সি বাজেট নথির তথ্য তুলে ধরে বলেন, সংশোধিত ২০২৫–২৬ অর্থবছরের হিসাবে টাফে এনএসডব্লিউর সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির মোট মূল্য ছিল প্রায় ৫.৬৬ বিলিয়ন ডলার, যা ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কমে ৫.৪৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। একই সময়ে কোগারাহর সাবেক টাফে সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ওটলি এলাকার সংসদ সদস্য মার্ক কুরে বলেন, এই বিক্রির সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তার ভাষ্য, জনগণ জানতে চায় কেন এসব সম্পত্তি বিক্রি করা হচ্ছে, বিক্রির অর্থ কোথায় ব্যয় হবে এবং এর মাধ্যমে কীভাবে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বহু বছর ধরে টাফে স্থানীয় শিক্ষার্থী ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এ ধরনের সম্পদ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

জাস্টিন ক্ল্যান্সির মতে, কোগারাহর ঘটনাটি বিচ্ছিন্ন নয়; বরং এটি গোটা নিউ সাউথ ওয়েলস জুড়ে টাফে সম্পদের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের উদ্বেগের প্রতিফলন। তিনি প্রশ্ন তোলেন, এটি কি শুধুমাত্র একটি সম্পত্তি বিক্রির ঘটনা, নাকি সরকার ধীরে ধীরে টাফের সম্পদ কমানোর বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়ন করছে? এছাড়া আরও কতগুলো বর্তমান বা সাবেক টাফে সম্পত্তি বিক্রির তালিকায় রয়েছে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে টাফের উন্নয়নে পুনঃবিনিয়োগ করা হবে কি না—এসব বিষয়েও তিনি স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

ক্ল্যান্সি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় জনগণের প্রতি সরকারের জবাবদিহি রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে জনগণ টাফে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছে। ফলে কোনো সম্পদ বিক্রি হলে সেই অর্থ যেন বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নেই ব্যয় হয়, সেটিই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, একদিকে সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার অঙ্গীকার করছে, অন্যদিকে টাফের সম্পদের পরিমাণ কমছে—এই দুই অবস্থান একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি নিয়ে তিনি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবেন এবং ভবিষ্যতে টাফে সম্পত্তি বিক্রির পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানান।

বিরোধী দলের দাবি, দক্ষ কর্মী তৈরিতে টাফে নিউ সাউথ ওয়েলসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিষ্ঠানটির সম্পদ কমানোর পরিবর্তে এর অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here