প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। আর তার আগে ১৬ জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
এই দুটি দিন স্মরণে রাখতে বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করা হয়।
‘নতুন বাংলাদেশ দিবস’ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, প্রতিবছর ৮ আগস্ট দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে এবং এটি ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবসের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
একইভাবে, ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালনের জন্য ১৬ জুলাই দিনটিকেও ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।










