ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ গ্রুপপর্বের ম্যাচ সামনে রেখে স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে অনুশীলনে ফিরেছেন দলের ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
আগামী ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।
জ্বর ও গ্যাস্ট্রিক জটিলতায় আক্রান্ত হয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি ২৬ বছর বয়সী এমবাপ্পে। অসুস্থতার কারণে তাকে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি হাসপাতালে ভর্তি করাও প্রয়োজন হয়েছিল। হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও মাঠে নামা হয়নি তার।
রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচে আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর পাচুকার বিপক্ষে ১০ জনের দল নিয়েও ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
এবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে রেডবুল সালসবুর্কের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ জুন), বাংলাদেশ সময় সকাল ৭টায়, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল কোচ জাবি আলোনসো এমবাপ্পেকে বদলি হিসেবে নামানোর সম্ভাবনা দেখছেন অনেকে।
এইচ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও সালসবুর্ক দুই ম্যাচে সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্যে এগিয়ে রিয়াল আছে শীর্ষে। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল-হিলাল। ফলে শীর্ষ দুই পজিশনের লড়াই এখনো খোলা রয়েছে এই তিন দলের জন্য।
অন্যদিকে, পাচুকা টানা দুই ম্যাচে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।










