স্প্যানিশ ফুটবলে রেফারিং ব্যবস্থাকে ঘিরে ক্লাবগুলোর দীর্ঘদিনের অসন্তোষ এবং সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) পুরো রেফারিং কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের লক্ষ্য হচ্ছে রেফারিং ব্যবস্থার আধুনিকায়ন, যা শীর্ষ পর্যায় থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পুনর্গঠনের জন্য একটি বড় উদ্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্প্যানিশ ফুটবলের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের প্রধান লুইস মেদিনা, ভিএআর প্রধান কার্লোস গোমেজ এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যেমন আন্তোনিও রুবিনোস পেরেজ ও তিন সহ-সভাপতি, তাদের পদ থেকে সরে দাঁড়াবেন।
নতুন রেফারিং ব্যবস্থাপনায় থাকবে একজন সিইও এবং একজন স্পোর্টিং ডিরেক্টর, যারা রেফারিং ব্যবস্থাপনা, নিয়োগ, মূল্যায়ন এবং দৈনন্দিন কার্যক্রম পুনর্গঠন করবেন। তবে, এই বড় পরিবর্তন সত্ত্বেও, লা লিগা এবং দ্বিতীয় বিভাগের বর্তমান রেফারিরা তাদের দায়িত্বে থাকবেন, যাতে খেলা চলতে থাকে এবং রেফারিংয়ে কোনো সমস্যা তৈরি না হয়।
কি ঘটেছে?
এই বছরের শুরুতে আরএফইএফ সভাপতি রাফায়েল লুসান রেফারিং কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। গত মৌসুমজুড়ে, স্প্যানিশ ক্লাবগুলো একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত ও ভিএআর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলেছিল।
রিয়াল মাদ্রিদ তাদের টিভি চ্যানেল “রিয়াল মাদ্রিদ টিভি”-তে রেফারির সিদ্ধান্তগুলোকে কঠোর সমালোচনা করেছে এবং বলেছে, রেফারিং ব্যবস্থা ‘পক্ষপাতদুষ্ট, বিকৃত ও নিয়ন্ত্রিত’। এর ফলে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের উপর চাপ সৃষ্টি হয় এবং তিনি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান।
আরএফইএফ এর বিবৃতিতে বলা হয়েছে, “স্প্যানিশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি অব রেফারিজের নেতৃত্ব পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, যা ফেডারেশনের কৌশলগত আধুনিকায়নের অংশ।”
এই সংস্কারের মাধ্যমে রেফারিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করার পরিকল্পনা করছে ফেডারেশন। পেশাদার ক্লাব, রেফারিং কমিউনিটি এবং ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘রেফারিং সংস্কার গ্রুপ’-এর সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে, যারা কঠিন সময়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। নতুন রেফারিং কাঠামো আগামী ২ জুলাই ঘোষণা করা হবে।
আগে চারটি ক্লাবের সমন্বয়ে একটি রেফারিং সংস্কার কমিটি গঠন করা হয়েছিল, তবে রিয়াল মাদ্রিদকে সেই কমিটিতে রাখা হয়নি—এটি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। ক্লাবগুলোর তীব্র চাপের পর, ফেডারেশন পুরো রেফারিং কমিটি বরখাস্ত করে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়।










