Home খেলা ‘তার হাতে এখনো সময় আছে’—নেইমারকে বার্তা দিলেন আনচেলত্তি

‘তার হাতে এখনো সময় আছে’—নেইমারকে বার্তা দিলেন আনচেলত্তি

178
0

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর ঠিক এই সময়েই ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিলেন, নেইমার এখনও ব্রাজিল দলের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়’ হয়ে উঠতে পারেন—যদি ফিট থাকেন এবং মনোযোগ ধরে রাখতে পারেন।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে জুনের শুরুতে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই সবচেয়ে আলোচিত প্রশ্নটি নিয়ে কথা বলেছেন—৩২ বছর বয়সী নেইমারের ভবিষ্যৎ। ২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। ২০২৫ সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিতভাবে। মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না ব্রাজিল। অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়ছে। ঠিক এই সময়েই আনচেলত্তির নেইমারের প্রতি আস্থা জানান দিচ্ছে, পুরোপুরি সুস্থ থাকলে এখনও দলে তার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ।

কনমেবল-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে—আর সেটা করার জন্য তার হাতে সময় আছে। আমি তাকে বলেছি, যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে। আমাদের পরিকল্পনায় সে আছে, আমরা চাই সে ব্রাজিল দলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। ’

সবকিছু ঠিকঠাক চললে নেইমার আগামী সেপ্টেম্বরেই আবার ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে ম্যাচ রয়েছে ব্রাজিলের। প্রায় দুই বছর পর ওই দুই ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে সেলেসাও জার্সিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here