Home খেলা জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদ

জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদ

154
0

গোলশূন্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে গন্সালো গার্সিয়ার হেডে একমাত্র গোলটি পেয়ে জুভেন্টাসকে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ডানদিকের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে গোলটি করেন তরুণ ফরোয়ার্ড গার্সিয়া। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার তৃতীয় গোল। গোলটি পাওয়ার পর, জুভেন্টাস মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও তারা গোল আদায় করতে ব্যর্থ হয়। একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে দুই দল প্রায় সমান অবস্থানে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ২২টি শটের মধ্যে ১১টি ছিল লক্ষ্যে, অপরদিকে জুভেন্টাসের ৬টি শটের মধ্যে ২টি ছিল লক্ষ্যে। ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল জুভেন্টাস। সপ্তম মিনিটে কোলো মুয়ানির থ্রু পাসে রুডিগারকে পেছনে ফেলে একা হয়ে যান ইলডিজ, তবে তার চিপ শট লক্ষ্যভ্রষ্ট হয়।

রিয়ালের হয়ে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ আসে। জুড বেলিংহ্যামের শট গোললাইন থেকে ফেরান জুভেন্টাস ডিফেন্ডার রুগানি। আর্দা গিলেরের ক্রসে চুয়ামেনি ও হিউসেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে যোগ করা সময়ে বেশ কয়েকবার জুভেন্টাসের রক্ষণে চাপ তৈরি করলেও রিয়াল গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে অসুস্থতা কাটিয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। বদলি হিসেবে নেমে কিছু আক্রমণে অবদান রাখলেও তার সেরাটা দেখা যায়নি। এমবাপের একটি ক্রস থেকে গুলেরের শট দারুণ সেভে রক্ষা করেন জুভেন্টাস গোলকিপার মিশেল দি গ্রেগরিও। একাধিক অসাধারণ সেভে তিনি দলকে রক্ষা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার রুখতে পারেননি।

শেষ সময়ে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে জুভেন্টাস, কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দেন, আর জুভেন্টাস হতাশার সঙ্গে বিদায় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here