হলিউড সিনেমা প্রেমীদের জন্য আরও দুটি সাড়া জাগানো সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এর মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, পাশাপাশি মুক্তি পাবে হরর সিনেমা ২৮ ইয়ারস লেটার।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমার অন্যতম আকর্ষণ হলেন জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি, এবং তার উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বক্স অফিসে এই সিনেমা দুর্দান্ত সাফল্য পাবে বলেই আশা করা হচ্ছে।
অন্যদিকে, ২৮ ইয়ারস লেটার সিনেমাটি ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয় করেছে। এটি সাফল্যের দৌড়ে অনেক দূর এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ৪ জুলাই সিনেমাগুলো বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমাটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন এর একটি স্বতন্ত্র সিক্যুয়েল। এটি চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং পুরো ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমার পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। সিনেমায় স্কারলেট জোহানসনের সঙ্গে অভিনয় করেছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি।
২৮ ইয়ারস লেটার
২৮ ইয়ারস লেটার সিনেমাটি ২৮ ডেজ লেটার সিরিজের নতুন সংযোজন। গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটি উদ্বোধনী দিনে ১৪ মিলিয়ন ডলার আয় করেছে এবং এক সপ্তাহের মধ্যেই নিজের নির্মাণ খরচ ফিরে পেয়েছে। সারা বিশ্বে এটি ইতিমধ্যেই ৫৬৯ কোটি টাকার ব্যবসা করেছে। অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েল পরিচালিত এই জম্বি থ্রিলারে মূল চরিত্রে অভিনয় করেছেন অ্যালফি উইলিয়ামস, এবং এতে আরো অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং রাফ ফাইনস।










