মাত্র ২৪৫ রানের লক্ষ্য। শুরুটা ছিল দারুণ, ১৬ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু এরপরই যেন মেঘলা আকাশে ঝড় বয়ে যায় বাংলাদেশ ইনিংসে। একে একে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ, মাত্র ২৫ রানে ৯ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় ইনিংস। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ৭৭ রানের বড় ব্যবধানে হেরে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা লুকাতে পারেননি তাসকিন আহমেদ। হঠাৎ ঘটে যাওয়া ব্যাটিং বিপর্যয়ে তিনি নিজেও কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলেন, “অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ফুরফুরে মেজাজে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।”
তবে হারের পরেও আশাবাদী তাসকিন। সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি জানি, সমর্থকরা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালো করতে। এমন ফলাফলের পর কেউই হোটেলে ফিরে শান্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি।”
তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশও করেন, “সমর্থকদের সরি বলছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।”
হতাশার মাঝেও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান তাসকিন, “আমরা সব সমস্যা দ্রুত কাটিয়ে উঠব। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।”
এছাড়া, বাংলাদেশের সামর্থ্য নিয়ে নিশ্চিত করেন তিনি, “আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটাও বাজে দল না। আমাদের সবারই ভালো খেলার সামর্থ্য আছে।”
এখন পরবর্তী ম্যাচে, ৫ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য একটি ফাইনাল হতে পারে, কারণ হারলে সিরিজও হাতছাড়া হয়ে যাবে।










