Home বাংলাদেশ চলমান সংকটে চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

চলমান সংকটে চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

141
0

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনা ও পরবর্তী অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন; এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

বৈঠকে দেশের সাম্প্রতিক সংকট, বিশেষ করে উত্তরা বিমান দুর্ঘটনা এবং এর জেরে উদ্ভূত শিক্ষার্থীদের আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

এর আগে সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩১ জন নিহত এবং অন্তত ১৬৫ জন আহত হন। দুর্ঘটনায় বেশিরভাগ হতাহত শিক্ষার্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল উত্তরা ও আশপাশের এলাকা। মাইলস্টোন কলেজ এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময়।

অন্যদিকে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয়। তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গুলিস্তান ও সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আন্দোলনে অনেক সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়।

চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার এই রাজনৈতিক সংলাপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here